শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়একুশ স্বাধীনতার প্রথম সোপান: সিরাজগঞ্জে টুকুর শ্রদ্ধা নিবেদন

একুশ স্বাধীনতার প্রথম সোপান: সিরাজগঞ্জে টুকুর শ্রদ্ধা নিবেদন

favicon
ভোরের আলো ডেস্ক:
একুশ স্বাধীনতার প্রথম সোপান: সিরাজগঞ্জে টুকুর শ্রদ্ধা নিবেদন

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।


রাত ১২টা ১ মিনিটে সিরাজগঞ্জ শহরের বাজার স্টেশন এলাকার মুক্তির সোপান শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি বলেন, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি বাংলাদেশের স্বাধীনতার প্রথম ধাপ। ভাষার জন্য সংগ্রামই ছিল স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার ভিত্তি। তার ভাষায়, “ভাষার জন্য লড়াই মানে একটি মানচিত্রের জন্য লড়াই।” তিনি আরও বলেন, ১৯৫২ সালে যে আন্দোলনের সূচনা হয়েছিল, তা ১৯৭১ সালে স্বাধীনতার মধ্য দিয়ে পরিণতি পায়।


নতুন প্রজন্মের উদ্দেশে টুকু বলেন, মাতৃভাষাকে সর্বোচ্চ মর্যাদায় রাখার শিক্ষা দেয় একুশ। তিনি তরুণদের ভাষা সংরক্ষণ ও চর্চায় সচেতন হওয়ার আহ্বান জানান।


মন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং জেলা পুলিশ সুপারের পক্ষে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু ফুলেল শ্রদ্ধা জানান।


পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিরা পর্যায়ক্রমে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।