‘ফ্যাসিস্ট শাসনে একুশ ছিল অবরুদ্ধ, এবার একুশ মুক্ত’: মির্জা ফখরুল
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘদিনের ‘ফ্যাসিস্ট শাসনের’ কারণে একুশের চেতনা বাধাগ্রস্ত ছিল, তবে এবার সেই একুশ মুক্ত পরিবেশে পালিত হচ্ছে।
শুক্রবার দিবাগত রাতে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, “দীর্ঘদিন একটা ফ্যাসিস্ট শাসনের যাঁতাকলে থেকে একুশ ছিল অবরুদ্ধ। এবার সেই একুশ মুক্ত। সেজন্যই আমাদের অনুভূতি ভিন্নরকম।”
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী হিসেবে তিনি বলেন, সাম্প্রতিক নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন সরকার গঠিত হয়েছে। এর ফলে জনগণের প্রত্যাশাও বেড়েছে বহুগুণ।
তিনি উল্লেখ করেন, জনগণ একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার চায়—যেখানে ন্যায়ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে উঠবে। তার ভাষায়, “একুশের মূল চেতনা ছিল বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র গঠন। আমরা সেই চেতনার ভিত্তিতেই সামনে এগোব।”
মির্জা ফখরুল আরও বলেন, নতুন এই একুশের প্রেরণা নিয়ে সরকার জনগণের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি মাতৃভাষা ও সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।