ভাষা দিবস মর্যাদায় পালনের আহ্বান জামায়াত আমিরের
২১ ফেব্রুয়ারি ‘আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডা. শফিকুর রহমান। ভাষা দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদে বিরোধীদলীয় নেতা এ আহ্বান জানান।
বিবৃতিতে তিনি বলেন, ১৯৫২ সালে ছাত্র-যুবসমাজ বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করার দাবিতে ঐতিহাসিক আন্দোলন গড়ে তোলে। আন্দোলন দমনে তৎকালীন শাসকগোষ্ঠীর নির্দেশে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মিছিলে গুলি চালালে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী শাহাদাতবরণ করেন। ভাষার মর্যাদা প্রতিষ্ঠায় তাঁদের আত্মত্যাগ জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে বলে উল্লেখ করেন তিনি। শহীদদের রুহের মাগফিরাত কামনাও করেন জামায়াত আমির।
তিনি বলেন, ২১ ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত, যা ভাষাশহীদদের প্রতি বৈশ্বিক সম্মানের প্রতীক। বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ও সামাজিক জীবনের সর্বস্তরে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে তিনি ভাষা ও সংস্কৃতি সংরক্ষণ ও সম্প্রসারণের আহ্বান জানান। তার মতে, এভাবেই ভাষা আন্দোলনের শহীদদের স্বপ্ন বাস্তবায়ন সম্ভব।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট উল্লেখ করে তিনি বলেন, বিএনপির নেতৃত্বে নতুন সরকার প্রতিষ্ঠিত হলেও ‘পতিত ফ্যাসিবাদের দোসররা’ দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধভাবে এসব চক্রান্ত মোকাবিলার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, জনগণের প্রত্যাশা—নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানর নেতৃত্বে সরকার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার, ভোটাধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করবে। পাশাপাশি নাগরিকদের জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব বলে উল্লেখ করেন তিনি।
২১ ফেব্রুয়ারি উপলক্ষে আলোচনা সভা ও দোয়ার আয়োজনের মাধ্যমে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দলের সব শাখা ও দেশবাসীর প্রতি আহ্বান জানান ডা. শফিকুর রহমান।