আগামী দুই দিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা
দেশের বিভিন্ন অঞ্চলে টানা দু’দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। পূর্বাভাস অনুযায়ী, সোমবার (২৩ ফেব্রুয়ারি) ও মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি আগামী কয়েকদিন সারা দেশে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বিষবীয় ভারত মহাসাগর ও দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যা পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে।
আজ শুক্রবার সকাল ৯টা থেকে অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে, দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আকাশ আংশিক মেঘলা ও দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
রবিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে আকাশ আংশিক মেঘলা থাকলেও দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) খুলনা বিভাগের কিছু জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আংশিক মেঘলা ও শুষ্ক আবহাওয়া থাকবে। রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র আংশিক মেঘলা ও প্রধানত শুষ্ক আবহাওয়া থাকবে। রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মোস্তফা কামাল পলাশ, সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক, সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বিশেষ করে খুলনার উপকূলীয় জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা বেশি। বরিশাল বিভাগের প্রায় সব জেলা এবং চট্টগ্রামের উত্তরাঞ্চলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি।