প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ে দায়িত্ব গ্রহণ
তারেক রহমান শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে তেজগাঁওয়ের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবারের মতো অফিসে প্রবেশ করেছেন। প্রধানমন্ত্রীর সঙ্গে কার্যালয়ে উপস্থিত ছিলেন মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।
প্রধানমন্ত্রী কার্যালয়ের মূল ভবনে প্রবেশের আগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সরকারের সময় দায়িত্বপালনকারী কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন। তিনি অনেক পুরনো কর্মকর্তা ও কর্মচারীর নাম ধরে তাদের সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেন, যা উপস্থিতদের আবেগাপ্লুত করে।
কার্যালয়ে গিয়ে প্রধানমন্ত্রী একটি স্বর্ণচাঁপা ফুলের চারা রোপণ করেন এবং মহান আল্লাহর কাছে ধন্যবাদ জ্ঞাপন করে বিশেষ মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলাম, পিএসসি, জি (অব.) এবং অন্যান্য কর্মকর্তাগণ।
পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে নতুন ডাক টিকিট উন্মোচন করেন।