শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে বিএনপি সরকার, ঈদের আগেই শুরু কার্যক্রম

ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে বিএনপি সরকার, ঈদের আগেই শুরু কার্যক্রম

favicon
ভোরের আলো ডেস্ক:
ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি ভাতা দেবে বিএনপি সরকার, ঈদের আগেই শুরু কার্যক্রম

নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ইমাম, মুয়াজ্জিন ও খতিবসহ বিভিন্ন ধর্মীয় নেতাদের সম্মানি ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার। তবে ভাতার পরিমাণ এখনো নির্ধারিত হয়নি। ঈদুল ফিতরের আগেই দেশের কয়েকটি এলাকায় এ কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছে সরকার।


শনিবার দুপুরে তেজগাঁও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এ তথ্য জানান। তিনি বলেন, নির্বাচনের আগে ইমাম-মুয়াজ্জিন ও ধর্মগুরুদের সম্মানি ভাতা দেওয়ার প্রতিশ্রুতি ছিল দলের। ক্ষমতায় এসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা দেশে এ কার্যক্রম বিস্তৃত করা হবে।


ভাতার পরিমাণ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, আন্তঃমন্ত্রণালয় বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হবে।


এ সময় স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী শাহে আলম উপস্থিত ছিলেন।


এর আগে প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী জানান, আজ ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান–এর তৃতীয় কর্মদিবস। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি বেশ কয়েকটি দিকনির্দেশনা দিয়েছেন।


তিনি আরও বলেন, তেজগাঁও কার্যালয়ে প্রথমবারের মতো অফিস করেন প্রধানমন্ত্রী। অফিসে প্রবেশের আগে তিনি ব্রিফিং নেন এবং দীর্ঘদিনের কর্মচারীদের সঙ্গে কথা বলেন। সংশ্লিষ্ট মন্ত্রীরাও নীতিগত কার্যক্রম নিয়ে আলোচনা করেন।


এ সময় প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।