ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ গড়ার ঘোষণা তথ্যমন্ত্রীর
জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের সাংবাদিক সমাজকে তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন—শিগগিরই একটি ভয়ভীতিমুক্ত সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা হবে।
শনিবার দুপুরে বরিশাল জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ব্যক্তি সাংবাদিকদের বন্ধু বা শত্রু—দুইভাবেই পরিচিত হতে পারেন। তবে বর্তমান সরকার সাংবাদিকদের জন্য ইতিবাচক পরিবেশ গড়ে তুলতে চায়।
তিনি আরও বলেন, দেশে এবার একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নিয়েছেন। এ নির্বাচন নিয়ে কোনো কারচুপি বা বিতর্কের সুযোগ নেই বলেও দাবি করেন তিনি।
‘আই হ্যাভ আ প্ল্যান’—প্রধানমন্ত্রীর এই বক্তব্য উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, তারেক রহমানের পরিকল্পনা বিস্তৃত এবং জনকল্যাণমূলক। অগ্রাধিকারভিত্তিতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। নারী অধিকার নিশ্চিত করা, প্রতিটি পরিবারে কার্ড পৌঁছে দেওয়া, বেকারদের কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের ঋণ মওকুফ ও কৃষক কার্ড প্রদান—এসব পরিকল্পনাকে গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানান তিনি।
তিনি জানান, সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা রয়েছে। জোয়ার-ভাটার নদী থেকে কৃষিজমিতে পানি পৌঁছে দিয়ে উৎপাদন বাড়ানোই এর লক্ষ্য।
ভোলার গ্যাস উত্তোলনের বিষয়েও গুরুত্বারোপ করে তথ্যমন্ত্রী বলেন, পূর্ণাঙ্গভাবে উত্তোলন সম্ভব হলে শুধু দক্ষিণাঞ্চল নয়, সারা দেশের জ্বালানি চাহিদা পূরণ করা যাবে।
এছাড়া দক্ষিণাঞ্চলের পায়রা বন্দরকে রাজধানীর সঙ্গে যুক্ত করতে চার লেন সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা জানান তিনি। কুয়াকাটাকে আধুনিক পর্যটনকেন্দ্রে রূপান্তর এবং সরাসরি বিমান চলাচল চালুর উদ্যোগ নিলে আন্তর্জাতিক পর্যটক আকর্ষণ করা সম্ভব হবে বলেও মত দেন তিনি।
তিনি জানান, সরকার ১৮০ দিনের একটি কর্মপরিকল্পনা হাতে নিয়েছে, যার বাস্তবায়নযোগ্য দিকগুলো নির্ধারণ করে দ্রুত কার্যকর করা হবে।
অনুষ্ঠান শেষে তিনি বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন। সূত্র: বাসস।