দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, উত্তর-পশ্চিমে অগ্রসর হওয়ার সম্ভাবনা
ভারত মহাসাগর ও দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে এখন সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে। বর্তমানে এটি দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় অবস্থান করছে এবং উত্তর-পপশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের সই করা পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অফিস জানায়, সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে এগিয়ে গিয়ে আরও শক্তিশালী হতে পারে। একই সময়ে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের বিহার ও পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সারাদেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে সারাদেশে তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।