১৬ ও ১৭ বছর বয়সীও এবার পাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি)
বাংলাদেশে বসবাসরত ১৬ বা ১৭ বছর বয়সী নাগরিকরাও এবার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পেতে নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন। নির্বাচন কমিশন (ইসি) তাদের এনআইডি প্রদান করবে এবং যেসব ব্যক্তি ১৮ বছর বয়স পূর্ণ করবেন, তাদের নাম স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হবে।
রোববার (২২ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে উল্লেখ করা হয়েছে, জাতীয় পরিচয় নিবন্ধন আইন, ২০১০ (২০১৩ সালে সংশোধিত) এর ধারা ৫-এর ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই এখন থেকে আবেদন করার সময় যেসব বাংলাদেশি নাগরিক ১৬ বা ১৭ বছর বয়সী, তারা নিবন্ধনের জন্য আবেদন করতে পারবেন।
জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) খান আবি শাহানুর খান স্বাক্ষরিত এ আদেশে সকল আঞ্চলিক, জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে।