শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমআইন ও আদালতইকরাম হোসেন মোল্লা হত্যা: দুই বন্ধুকে মৃত্যুদণ্ড ঘোষণা

ইকরাম হোসেন মোল্লা হত্যা: দুই বন্ধুকে মৃত্যুদণ্ড ঘোষণা

favicon
ভোরের আলো ডেস্ক:
ইকরাম হোসেন মোল্লা হত্যা: দুই বন্ধুকে মৃত্যুদণ্ড ঘোষণা

ঢাকার তেজগাঁও কলেজের শিক্ষার্থী ইকরাম হোসেন মোল্লা হত্যার মামলায় দুই বন্ধুকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২২ ফেব্রুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। দণ্ডিত আসামিরা হলেন মো. সিদ্দিক ও মো. শান্ত মিয়া, যেখানে শান্ত পলাতক রয়েছেন।


আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে, দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় তাদের মৃত্যুদণ্ড এবং ২০১/৩৪ ধারায় ৭ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হলো। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড নির্ধারণ করা হয়েছে।


মামলার সূত্রে জানা যায়, ইকরাম হোসেন মোল্লা ইট-বালুর ব্যবসায় লগ্নি করার জন্য বন্ধু শান্তকে দুই লাখ টাকা দিয়েছিলেন। প্রতি মাসে হাত খরচা পাওয়ার কথা থাকলেও ছয় মাস পরও তিনি কোনো টাকা পাননি। উল্টো শান্ত নেশাগ্রস্ত হয়ে ব্যবসার পুঁজি শেষ করে ফেলছিলেন। টাকা দাবির সময় ইকরাম বিষয়টি তার পরিবারকে জানালে শান্ত ক্ষিপ্ত হয়ে হত্যা পরিকল্পনা করেন। এ ঘটনায় শান্ত আরেক বন্ধু আবু সিদ্দিককে সঙ্গে নিয়ে ইকরামকে হত্যা করে।


২০২৩ সালের ৪ মে ইকরাম বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন। খোঁজাখুঁজির পর ৫ মে খিলক্ষেত থানায় সাধারণ ডায়েরি করা হয়। ৬ মে পাতিরা বালুর মাঠ এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বাবা কবির হোসেন মোল্লা খিলক্ষেত থানায় অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।


পুলিশ তদন্ত শেষে ২৬ নভেম্বর দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি অভিযোগ গঠন ও বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ২৭ সাক্ষীর মধ্যে ১৭ জনের সাক্ষ্য গ্রহণ করেন।