পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদলের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর
সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, পুলিশের শীর্ষ পর্যায়ে রদবদল শুরু হয়েছে। তিনি বলেন, “কিছু পরিবর্তন তো আসবেই। পুলিশকে জনগণের আস্থাভাজন প্রতিষ্ঠানে পরিণত করতে হবে এবং বাহিনীর ভাবমূর্তি পুনর্গঠনে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
রোববার (২২ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি আগামী ১২ মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন আহ্বান করবেন। ওই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হবেন। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের শাসনামলে জারি করা অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে।
নতুন রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না—এ প্রশ্নের জবাবে তিনি বলেন, এ নিয়ে এখনো আলোচনা হয়নি।
স্পিকার ও ডেপুটি স্পিকার চূড়ান্তকরণের বিষয়টি পরবর্তী সময়ে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। এছাড়া শনিবার রাতে রাজধানীর আদাবরে ঘটে যাওয়া ঘটনার বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।