‘ইনকিলাব, ইনসাফ ও আজাদি’ জনপরিসরে চর্চার আহ্বান হেফাজতে ইসলামের
হেফাজতে ইসলাম বাংলাদেশ ‘ইনকিলাব’, ‘ইনসাফ’ ও ‘আজাদি’ শব্দগুলোকে জুলাই গণ-অভ্যুত্থানের ভাষা ও সম্পদ হিসেবে উল্লেখ করে জনপরিসরে ব্যাপক চর্চার আহ্বান জানিয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) সংগঠনের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, জুলাই গণ-অভ্যুত্থানের সময় জনমানসে দ্রোহের স্ফুলিঙ্গ ছড়িয়ে দেওয়া কিছু ঐতিহাসিক আরবি-ফারসি শব্দের বিরুদ্ধে একটি গোষ্ঠী সমালোচনায় নেমেছে। তাদের ‘কালচারাল ফ্যাসিস্ট’ আখ্যা দিয়ে সংগঠনটি দাবি করে, এসব শব্দ গণআন্দোলনের ঐতিহাসিক ভাষা-সম্পদ।
এতে আরও উল্লেখ করা হয়, ক্ষমতাসীন দলের এক মন্ত্রী ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগানের সমালোচনা করেছেন, যা সংগঠনের ভাষ্য অনুযায়ী জুলাইয়ের গণস্বীকৃত ঐতিহাসিক স্লোগান।
বিবৃতিতে বলা হয়, বাংলা ভাষা যেমন ইংরেজি শব্দে সমৃদ্ধ হয়েছে, তেমনি আরবি-ফারসি-উর্দু উৎসের অসংখ্য শব্দও ভাষাকে সমৃদ্ধ করেছে। এসব শব্দ ব্রিটিশবিরোধী আন্দোলনসহ বিভিন্ন ঐতিহাসিক সংগ্রামে রাজনৈতিক ভাষা ও প্রেরণা জুগিয়েছে।
একই সঙ্গে বলা হয়, যারা এসব শব্দকে সাম্প্রদায়িক দৃষ্টিভঙ্গি থেকে বিতর্কিত করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে ছাত্র-জনতাকে শান্তিপূর্ণভাবে প্রতিবাদে সরব থাকার আহ্বান জানানো হচ্ছে।
বিবৃতির শেষাংশে সংগঠনটি গণমাধ্যম ও বুদ্ধিবৃত্তিক অঙ্গনে সক্রিয়দের দক্ষতা ও প্রস্তুতি বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে এবং সাংস্কৃতিক পরিসরে নিজেদের অবস্থান জোরদারের আহ্বান জানায়।