মামুনুল হককে নিয়ে বক্তব্য: ববি হাজ্জাজকে ঘিরে পাল্টা হুঁশিয়ারি খেলাফত মজলিসের
বাংলাদেশ খেলাফত মজলিস–এর আমির ও ঢাকা-১৩ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী মাওলানা মামুনুল হক–এর বিরুদ্ধে একাধিক মামলা করা হবে—শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ–এর এমন বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছে দলটি।
রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ঢাকা-১৩ আসনের ফলাফল নিয়ে ‘ডাকাতি’ ও অব্যাহত মিথ্যাচার সরকারের পতনের কারণ হতে পারে।
‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ অভিযোগ
এর আগে সকালে নির্বাচনে সহিংসতায় আহত বিএনপির কয়েকজন নেতা-কর্মীকে দেখতে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে যান ববি হাজ্জাজ। সেখানে তিনি কেন্দ্র দখল ও হামলার অভিযোগ তুলে মামুনুল হকের বিরুদ্ধে মামলা করার ইঙ্গিত দেন।
খেলাফত মজলিসের বিবৃতিতে এ বক্তব্যকে ‘মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করা হয়। হত্যাচেষ্টা মামলার হুমকির তীব্র নিন্দা জানিয়ে দলটি বলে, এটি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ এবং একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ।
ফলাফল বিকৃতির অভিযোগ
বিবৃতিতে বলা হয়, মামুনুল হকের ‘রিকশা’ প্রতীকে ব্যাপক জনসমর্থন দৃশ্যমান হওয়ার পর একটি প্রভাবশালী চক্র ফলাফল বিকৃতির নীলনকশা বাস্তবায়ন করে। বৈধ ভোট অবৈধ ঘোষণা, ফলাফল শিটে টেম্পারিং ও ওভাররাইটিং এবং চূড়ান্ত ফল পরিবর্তনের মাধ্যমে ‘রেজাল্ট ডাকাতি’ হয়েছে বলে দাবি করা হয়।
দলটি আরও জানায়, একাধিক টেলিভিশন চ্যানেলে প্রায় ২০ মিনিট মামুনুল হককে বিজয়ী ঘোষণা করার পর সংশোধিত ফলাফল প্রচার জনমনে সন্দেহ তৈরি করেছে। নির্বাচন কমিশনে লিখিত অভিযোগ ও ফলাফল স্থগিতের আবেদন সত্ত্বেও দ্রুত গেজেট প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়।
অতীতের পুনরাবৃত্তির অভিযোগ
বিবৃতিতে বলা হয়, অতীতে ফ্যাসিবাদী শাসনামলে মামুনুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলা ও হয়রানির কৌশল নেওয়া হয়েছিল; বর্তমানে তার পুনরাবৃত্তির চেষ্টা চলছে। একই সঙ্গে শেখ হাসিনার পরিবারের সঙ্গে ববি হাজ্জাজের ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলা হয়।