স্থানীয় সরকার নির্বাচন ঘিরে প্রস্তুতি, সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি
দেশজুড়ে স্থানীয় সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানের নির্বাচন ঘিরে নতুন করে ভোটযুদ্ধের প্রস্তুতি শুরু হয়েছে। বছরজুড়ে এসব নির্বাচনী কার্যক্রম চলবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এরই মধ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন ঢাকার দুই সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে কাজ শুরু করেছে। তবে নির্বাচন দলীয় নাকি নির্দলীয়ভাবে হবে, সে সিদ্ধান্তের জন্য সংসদের দিকে তাকিয়ে আছে কমিশন।
নির্বাচন পরিচালনা শাখার কর্মকর্তারা জানিয়েছেন, স্থানীয় সরকার বিভাগ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের প্রস্তুতি নিতে চিঠি পাঠানো হয়েছে। বিষয়টি কমিশনের সভায় উপস্থাপনের প্রস্তুতি চলছে।
স্থানীয় সরকার বিভাগের সচিবের পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, ২০২০ সালের ২ জুন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয় এবং সে হিসেবে গত বছরের ১ জুন এ সিটির মেয়াদ শেষ হয়েছে। ২০২০ সালের ৩ জুন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হয়, যার মেয়াদ শেষ হয়েছে ২০২৫ সালের ২ জুন। আর ২০২১ সালের ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ায় এ সিটির মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ ফেব্রুয়ারি।
স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন অনুযায়ী প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ গণনা করা হয় এবং মেয়াদপূর্তির আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। সে আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।
নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ সাংবাদিকদের জানান, সিটি করপোরেশন নির্বাচন দলীয় প্রতীকে হবে কি না, তা নির্ভর করছে সংসদের সিদ্ধান্তের ওপর। সদ্য বিলুপ্ত অন্তর্বর্তী সরকার স্থানীয় নির্বাচন নির্দলীয়ভাবে সম্পন্ন করার একটি অধ্যাদেশ জারি করেছিল, যা সংসদের প্রথম অধিবেশনে অনুমোদন পেতে হবে। সংসদে অনুমোদন পেলে সে অনুযায়ী নির্বাচন হবে, অন্যথায় আগের বিধান কার্যকর হতে পারে।
২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের পর মেয়র ও চেয়ারম্যানদের পদত্যাগের প্রেক্ষাপটে সরকার ১২টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা এবং ৪৯৭টি উপজেলা ও জেলা পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ করে। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের আদেশে শহাদাত হোসেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
সূত্র: বাংলাদেশ প্রতিদিন
Tools