ঈদের আগেই চালু হচ্ছে ‘ফ্যামিলি কার্ড’, মাসে মিলতে পারে আড়াই হাজার টাকা
প্রান্তিক ও নিম্ন-আয়ের পরিবারের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে সরকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর প্রেস উইং।
প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলায় একটি করে ওয়ার্ডে পরীক্ষামূলকভাবে (পাইলট প্রকল্প) ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে। সরকারের লক্ষ্য, আসন্ন ঈদের আগেই হতদরিদ্র পরিবারের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া।
সরকারি সূত্রে জানা গেছে, কর্মসূচির আওতায় সুবিধাভোগী পরিবারগুলোকে প্রতি মাসে প্রায় আড়াই হাজার টাকা সহায়তা দেওয়া হতে পারে। বিএনপির নির্বাচনী অঙ্গীকারগুলোর মধ্যে ফ্যামিলি কার্ড অন্যতম ছিল এবং সরকার গঠনের পর এটি অগ্রাধিকার ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ লক্ষ্যে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী-কে সভাপতি করে ১৪ সদস্যের একটি মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয় ও দপ্তরের শীর্ষ কর্মকর্তারা সদস্য হিসেবে রয়েছেন।
সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, দরিদ্র ও হতদরিদ্র পরিবারগুলো অগ্রাধিকার ভিত্তিতে এই কার্ড পাবে।
আবেদন প্রক্রিয়া পুরোপুরি শুরু না হলেও আগ্রহীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট সাইজের রঙিন ছবি এবং সচল মোবাইল নম্বর প্রস্তুত রাখতে বলা হয়েছে। পাইলট প্রকল্প শেষে ইউনিয়ন পরিষদ, পৌরসভা বা কাউন্সিলর কার্যালয় থেকে আবেদন ফরম সংগ্রহ করা যাবে। পাশাপাশি ঘরে বসে আবেদন করার জন্য একটি অনলাইন পোর্টাল চালুর প্রস্তুতিও চলছে।
প্রতি পরিবারে একটি করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, যার মাধ্যমে মাসিক নগদ সহায়তা বা নিত্যপ্রয়োজনীয় পণ্য পাওয়ার সুযোগ থাকবে।