লক্ষ্মীপুর আইনজীবী সমিতি নির্বাচন: সভাপতি-সম্পাদকসহ ৬ পদে বিএনপি, অংশ না নিয়েও ৮ পদে আওয়ামী লীগ বিজয়ী
লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ছয়টি পদে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থীরা। অন্যদিকে নির্বাচনে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েও বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সমর্থিত প্রার্থীরা আটটি পদে বিজয়ী হয়েছেন। তবে জামায়াত সমর্থিত কোনো প্রার্থী জয়লাভ করতে পারেননি।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত প্রায় ৩টার দিকে প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র আইনজীবী এ কে এম হুমায়ুন কবির আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। মোট ১৫টি পদের মধ্যে বিএনপি পেয়েছে ৬টি, আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ৮টি এবং একটি পদে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে সভাপতি হিসেবে মনিরুল ইসলাম হাওলাদার এবং সহ-সভাপতি আবদুল মজিদ চৌধুরীসহ বিএনপি সমর্থিত একাধিক প্রার্থী জয় পান। পাশাপাশি আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরাও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হন। একটি পদে স্বতন্ত্র প্রার্থী নুরুল হুদা মুরাদ বিজয়ী হয়েছেন।
এর আগে গত ২৬ জানুয়ারি বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের লক্ষ্মীপুর জেলা কমিটির সদস্য সচিব নুরুল হুদা পাটওয়ারী এক নোটিশে জানান, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী ২০২৬-২৭ সালের নির্বাচনে অংশ না নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। তবে পরে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ ছাড়া অন্যান্য পদে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা প্রতিদ্বন্দ্বিতা করেন এবং তাদের আটজন নির্বাচিত হন।
এ বিষয়ে নুরুল হুদা পাটওয়ারীর বক্তব্য পাওয়া যায়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগ সমর্থিত এক সাবেক সভাপতি জানান, রাজনৈতিক বাস্তবতা বিবেচনায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করা হয়নি, যদিও অন্যান্য পদে অংশ নিয়ে তারা জয় পেয়েছেন।