বুধবার , ২৪ জুন ২০২৬
বুধবার , ২৪ জুন ২০২৬
হোমসারা দেশনারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার, অভিযানে গ্রেপ্তার ১৭ জন

নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার, অভিযানে গ্রেপ্তার ১৭ জন

favicon
ভোরের আলো ডেস্ক:
নারায়ণগঞ্জে নিরাপত্তা জোরদার, অভিযানে গ্রেপ্তার ১৭ জন

জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নারায়ণগঞ্জে সেনাবাহিনী, বিজিবি ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের ১৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।


মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেন নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী।


সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিশেষ নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে মঙ্গলবার সকাল থেকে সেনাবাহিনী ও বিজিবির যৌথ টহল শুরু হয়। একজন লেফটেন্যান্টের নেতৃত্বে সেনাবাহিনীর ছয়টি দল জেলার গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে টহল কার্যক্রম পরিচালনা করে। পাশাপাশি বিজিবিও পৃথকভাবে বিভিন্ন স্থানে টহল জোরদার করে।


এ ছাড়া জেলার পাঁচটি উপজেলায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। সম্ভাব্য যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলার জন্য বিশেষ স্ট্রাইকিং ফোর্সও প্রস্তুত রাখা হয়।

পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় বিশেষ অভিযান চালিয়ে মোট ১৭ জনকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে সদর থানায় ২ জন, ফতুল্লা থানায় ৩ জন, রূপগঞ্জ থানায় ৩ জন, সোনারগাঁ থানায় ৪ জন, সিদ্ধিরগঞ্জ থানায় ৩ জন এবং বন্দর থানায় ২ জনকে আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। যেকোনো ধরনের নাশকতা বা বিশৃঙ্খলা প্রতিরোধে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও জানান, তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি। জননিরাপত্তা বিঘ্নিত হতে পারে এমন যেকোনো কর্মকাণ্ডের বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।