১৩ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
দেশের ১৩ জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (২৩ জুন) বিকেলে অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর জানায়, রাতের মধ্যে ঢাকা, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ সময় এসব এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
অন্য এক পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সন্ধ্যা পর্যন্ত দেশের সব বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়ার সঙ্গে বজ্রসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।
এ ছাড়া দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। আগামী কয়েক দিনে ঝড়বৃষ্টি ও ভারি বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।