বিএনপি অফিসে হামলা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
বগুড়ার আদমদীঘি উপজেলা বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের উপজেলা নেতা সাকিব আল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (২১ জুন) সন্ধ্যায় উপজেলা সদরের তালশন কালীবাড়ী মন্দির এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাকিব আল হাসান আদমদীঘি উপজেলার তালশন গ্রামের ওছমান আলী খন্দকারের ছেলে। তিনি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক পদে ছিলেন।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আদমদীঘি সদর বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ ওঠে।
ঘটনার পর ২০২৪ সালের ২৫ আগস্ট আদমদীঘি থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি নাশকতা মামলা করা হয়। মামলায় আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও প্রায় ২৫০ জনকে আসামি করা হয়।
ওই মামলার তদন্তের অংশ হিসেবে সাকিব আল হাসানকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।