বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
বৃহস্পতিবার , ২৫ জুন ২০২৬
হোমসারা দেশলক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন যুবক

লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন যুবক

favicon
ভোরের আলো ডেস্ক:
লক্ষ্মীপুরে মা ও তিন মেয়েকে হত্যা, গণপিটুনিতে নিহত সন্দেহভাজন যুবক

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এক হৃদয়বিদারক ঘটনায় মা ও তার তিন মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় স্থানীয়দের গণপিটুনিতে নিহত হয়েছেন অভিযুক্ত এক যুবক। ফলে ঘটনাটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে পাঁচজনে।


বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার দেনায়েতপুর এলাকায় ডাকাতিয়া নদীর তীরবর্তী একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও পুলিশ বিষয়টি তদন্ত করছে।


নিহতরা হলেন শাহীনুর বেগম (৩৮), তার বড় মেয়ে সায়মা আক্তার (২১), মেজো মেয়ে ইকরা আক্তার (১৭) এবং ছোট মেয়ে শিফা আক্তার (৯)। তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায়। গণপিটুনিতে নিহত ব্যক্তি অন্তর মজুমদার (২৮), যিনি নোয়াখালীর সুবর্ণচর উপজেলার বাসিন্দা এবং রায়পুরে ভ্রাম্যমাণ ফল ব্যবসা করতেন।


পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েক বছর ধরে শাহীনুর বেগম সন্তানদের নিয়ে ওই এলাকায় বসবাস করছিলেন। ২০১৯ সালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার স্বামীর মৃত্যু হয়। এরপর তিনি সন্তানদের নিয়ে সংসার চালিয়ে আসছিলেন।


ঘটনার পর আহতদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকরা শাহীনুর বেগম, সায়মা আক্তার ও শিফা আক্তারকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত ইকরা আক্তারকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। অন্যদিকে স্থানীয়দের গণপিটুনিতে আহত অন্তর মজুমদারকে হাসপাতালে নেওয়া হলে সেখানেই তিনি মারা যান।


পুলিশ জানায়, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে উত্তেজিত জনতার ছোড়া ইটপাটকেলে কয়েকজন পুলিশ সদস্য আহত হন।


লক্ষ্মীপুরের পুলিশ সুপার মো. আবু তারেক জানান, অন্তর মজুমদার আগে ওই এলাকায় ভাড়া থাকতেন এবং প্রায় সাত থেকে আট মাস আগে বাসা ছেড়ে চলে যান। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ব পরিচয়ের সূত্রে তিনি ওই বাসায় প্রবেশ করেছিলেন। তবে হত্যার প্রকৃত কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।


পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং হত্যাকাণ্ডের পেছনের কারণ জানতে তদন্ত অব্যাহত রয়েছে।