শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমসারা দেশরূপগঞ্জে তেলভর্তি ট্রাক ডাকাতি: অস্ত্রসহ গ্রেপ্তার ২

রূপগঞ্জে তেলভর্তি ট্রাক ডাকাতি: অস্ত্রসহ গ্রেপ্তার ২

favicon
ভোরের আলো ডেস্ক:
রূপগঞ্জে তেলভর্তি ট্রাক ডাকাতি: অস্ত্রসহ গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে তেলভর্তি একটি ট্রাক ডাকাতির ঘটনায় দুইজনকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুট হওয়া তেলের ড্রামভর্তি ট্রাক ও ডাকাতিতে ব্যবহৃত একটি হাইয়েস গাড়ি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার বিকেল সাড়ে ৬টার দিকে মুড়াপাড়া ইউনিয়নের বানিয়াদী এলাকায় ডাকাতির সময় তাদের গ্রেপ্তার করা হয়। নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন কিশোরগঞ্জের শামসুদ্দিনের ছেলে মো. সেকান্দার (৪০), যিনি বর্তমানে রূপসী বাগবাড়ী এলাকায় ভাড়া থাকেন এবং আড়াইহাজার উপজেলার গেনেন্দ্র চন্দ্র শীলের ছেলে রন চন্দ্র শীল (৩০), পেশায় একজন ড্রাইভার।

পুলিশ জানায়, বানিয়াদী এলাকায় এলায়েট মিলস সংলগ্ন সড়কে ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র নিয়ে একটি ট্রাক আটকায়। গোপন সংবাদের ভিত্তিতে রূপগঞ্জ থানার ওসি মো. সবজেল হোসেনের নির্দেশে এসআই মো. নাজিম উদ্দিনের নেতৃত্বে পুলিশ

ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় দুইজনকে আটক করা হলেও অন্যরা পালিয়ে যায়।

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও একটি খেলনা ওয়াকি-টকি উদ্ধার করা হয়, যা দিয়ে ডাকাত দলের সদস্যরা নিজেদের মধ্যে যোগাযোগ করত বলে ধারণা করছে পুলিশ। গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক সদস্যদের ধরতে অভিযান অব্যাহত আছে।