মেক্সিকোয় সহিংসতার মধ্যেও বিশ্বকাপ আয়োজন নিয়ে আশাবাদী ফিফা
মেক্সিকোয় এক কুখ্যাত মাদক সম্রাট নিহত হওয়ার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতা ঘিরে আসন্ন ফুটবল বিশ্বকাপ আয়োজন নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। মাত্র কয়েক মাসের মধ্যে দেশটি বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে প্রস্তুত থাকতে পারবে কি না—তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন মহলে।
তবে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আশাবাদ ব্যক্ত করেছেন। মঙ্গলবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, মেক্সিকোর পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং দেশটির সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর তাদের পূর্ণ আস্থা রয়েছে।
তিনি আরও জানান, মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লদিয়া শেইনবম ও আইনশৃঙ্খলা বাহিনী নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হবে বলে ফিফা বিশ্বাস করে।
রোববার মেক্সিকান সেনাবাহিনীর অভিযানে জলিস্কো নিউ জেনারেশন কার্টেলের প্রধান নেমেসিও রুবেন ওসেগুয়েরা সারভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর কয়েকটি অঞ্চলে সহিংসতা ছড়িয়ে পড়ে। কার্টেল সদস্যরা যানবাহন ও স্থাপনায় আগুন দেয় এবং প্রায় এক ডজন অঙ্গরাজ্যে সড়ক অবরোধ করে। মেক্সিকান কর্তৃপক্ষ জানিয়েছে, এসব ঘটনায় অন্তত ৭০ জন নিহত হয়েছে।
নিরাপত্তা পরিস্থিতির কারণে স্থানীয় লিগের কয়েকটি গুরুত্বপূর্ণ ফুটবল ম্যাচ স্থগিত করা হয়। তবুও নির্ধারিত সূচি অনুযায়ী মেক্সিকোতে মোট ১৩টি বিশ্বকাপ ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যে ১১ জুন মেক্সিকো সিটিতে স্বাগতিক দলের উদ্বোধনী ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে।