মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
মঙ্গলবার , ০১ সেপ্টেম্বর ২০২৬
হোমখেলাডার্বিকে টপকে হামজাকে দলে ভেড়াচ্ছে শেফিল্ড ইউনাইটেড

ডার্বিকে টপকে হামজাকে দলে ভেড়াচ্ছে শেফিল্ড ইউনাইটেড

favicon
ভোরের আলো ডেস্ক:
ডার্বিকে টপকে হামজাকে দলে ভেড়াচ্ছে শেফিল্ড ইউনাইটেড

লেস্টার সিটি ছেড়ে ডার্বি কাউন্টিতে যাওয়ার পথ প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের মিডফিল্ডার হামজা চৌধুরীর। তবে শেষ মুহূর্তে প্রস্তাব দিয়ে সেই চুক্তি নিজেদের দিকে ঘুরিয়ে নিয়েছে শেফিল্ড ইউনাইটেড। ফলে ইংলিশ ক্লাবটির সঙ্গে হামজার দ্বিতীয় অধ্যায় শুরু হতে যাচ্ছে।


স্কাই স্পোর্টসের সাংবাদিক অ্যান্থনি জোসেফ জানিয়েছেন, ডার্বি কাউন্টির প্রস্তাবকে শেষ মুহূর্তে টপকে হামজাকে দলে নেওয়ার দৌড়ে এগিয়ে গেছে শেফিল্ড ইউনাইটেড। প্রায় বিনা ট্রান্সফার ফিতেই তাকে দলে নেওয়ার চুক্তি হতে যাচ্ছে বলে জানা গেছে।


সামাজিক যোগাযোগমাধ্যমে জোসেফ জানান, ডার্বিতে যোগ দেওয়ার পথে ছিলেন হামজা। তবে শেফিল্ডের শেষ মুহূর্তের প্রস্তাবে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করেছেন বাংলাদেশি এই তারকা। চুক্তি চূড়ান্ত করার আগে তার মেডিকেল পরীক্ষা হওয়ার কথা রয়েছে।


এর আগে ২০২৪-২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন ২৮ বছর বয়সী হামজা। সে সময় দলটিকে চ্যাম্পিয়নশিপের প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।


সম্প্রতি শেফিল্ডের রাইট-ব্যাক ফেমি সেরিকি চোটে পড়ায় হামজাকে ফেরানোর উদ্যোগ নেয় ক্লাবটি। মিডফিল্ডের পাশাপাশি রাইট-ব্যাক হিসেবেও খেলতে পারায় তার বহুমুখী দক্ষতা শেফিল্ডের জন্য বাড়তি সুবিধা।


সবকিছু ঠিক থাকলে আগামী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বোল্টনের বিপক্ষে ম্যাচ দিয়ে শেফিল্ড ইউনাইটেডের জার্সিতে দ্বিতীয় অধ্যায় শুরু করতে পারেন হামজা।


২০০৫ সালে মাত্র ৭ বছর বয়সে লেস্টার সিটির একাডেমিতে যোগ দিয়েছিলেন হামজা। ২০১৫ সালে ক্লাবটির মূল দলে অভিষেক হয় তার। লেস্টারের হয়ে এফএ কাপ, এফএ কমিউনিটি শিল্ড ও ইংলিশ চ্যাম্পিয়নশিপ জিতেছেন তিনি।


শেফিল্ড ইউনাইটেডের সঙ্গে চুক্তি সম্পন্ন হলে লেস্টার সিটির সঙ্গে হামজার দীর্ঘ ২১ বছরের সম্পর্কেরও অবসান ঘটবে।