বিমান হামলার মধ্যেও পাকিস্তানের সঙ্গে আলোচনায় প্রস্তুত তালেবান
আফগানিস্তানের বিভিন্ন শহরে পাকিস্তানের বড় ধরনের বিমান হামলার পরও উত্তেজনা প্রশমনে আলোচনার পথ খোলা রাখার কথা জানিয়েছে তালেবান সরকার। আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেন, সংঘাত বন্ধ করতে তালেবান নেতৃত্ব পাকিস্তানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত এবং সমস্যা শান্তিপূর্ণভাবে সমাধান করতে চায়।
শুক্রবার পাকিস্তান আফগানিস্তানের একাধিক শহর ও সীমান্ত এলাকায় হামলা চালায়। এর পর থেকেই দুই দেশের সীমান্তজুড়ে সংঘর্ষ অব্যাহত রয়েছে। উভয় পক্ষই একে অপরের ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি করেছে। পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এই পরিস্থিতিকে ‘প্রকাশ্য যুদ্ধ’ হিসেবে উল্লেখ করেন।
ইসলামাবাদের দাবি, ‘অপারেশন গজব লিল-হক’-এ এখন পর্যন্ত ২৯৭ তালেবান সদস্য নিহত এবং প্রায় সাড়ে ৪০০ জন আহত হয়েছেন। পাকিস্তান আরও জানায়, নতুন অভিযানে তালেবানের কয়েকটি চেকপোস্ট ধ্বংস করা হয়েছে এবং বহু সাঁজোয়া যান ও ট্যাংক ধ্বংস হয়েছে।