খামেনির শাহাদাতে শোক প্রকাশ ডা. শফিকুর রহমানের, সংযম ও কূটনৈতিক সমাধানের আহ্বান
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-এর শাহাদাতের খবরে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
রোববার (১ মার্চ) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি শোক ও সমবেদনা জানান। পোস্টে তিনি শোকসন্তপ্ত ইরানি জনগণের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে মহান আল্লাহর কাছে তাদের জন্য ধৈর্য ও শক্তি কামনা করেন।
ডা. শফিকুর রহমান বলেন, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা ইতোমধ্যেই আঞ্চলিক স্থিতিশীলতাকে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে। পরিস্থিতি আরও সামরিক উত্তেজনার দিকে গেলে তা শুধু একটি দেশের নয়, বরং পুরো অঞ্চলের জন্য ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। পবিত্র রমজান মাসে যেকোনো ধরনের হামলা বিশ্বব্যাপী সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ বাড়াবে এবং বিশ্বশান্তিকে আরও হুমকির মুখে ফেলবে বলেও মন্তব্য করেন তিনি
তিনি যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানসহ সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি অবিলম্বে সামরিক পদক্ষেপ বন্ধ করে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং কূটনৈতিক সমাধানের পথে এগিয়ে আসার আহ্বান জানান।
এছাড়া আন্তর্জাতিক আইন, রাষ্ট্রীয় সার্বভৌমত্ব ও বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বিশ্বশান্তি রক্ষায় জাতিসংঘসহ বিশ্বনেতাদের এখনই কার্যকর ভূমিকা নেওয়া প্রয়োজন।