নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা: প্রধান আসামিসহ ৭ জনের ৮ দিনের রিমান্ড অনুমোদন
নরসিংদীতে কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নূর মোহাম্মদ নূরা সহ সাত আসামির আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার (১ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন। আসামিদের সকাল সাড়ে ১১টায় নরসিংদী জজ কোর্টের ২য় জুডিশিয়াল আদালতে তোলা হয়। তবে আসামি পক্ষের কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।
রিমান্ডে নেওয়া আসামিরা হলেন প্রধান আসামি নূর মোহাম্মদ ওরফে নূরা (২৮), এবাদুল্লাহ (৩৮), হজরত আলী (৪০), গাফফার (৩৭), সাবেক ইউপি সদস্য আহমদ আলী ওরফে আহমদ দেওয়ান (৬৫), মো. ইমরান দেওয়ান (৩২) ও মো. আইয়ুব (৩০)। তারা সবাই সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, নূরা ভারত পালানোর সময় গাজীপুরের মাওনা চৌরাস্তা থেকে গ্রেপ্তার করা হয়, একই সময়ে হজরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে ধরা হয়। কিশোরীর মায়ের দায়ের করা মামলায় ৯ আসামির মধ্যে ৭ জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। বাকি দুই পলাতক আসামিকেও দ্রুত আইনের আওতায় আনা হবে।
মামলার প্রেক্ষাপট অনুযায়ী, গত ২৫ ফেব্রুয়ারি রাতে নূরার নেতৃত্বে কিশোরী আমিনাকে বাবা থেকে ছিনিয়ে নেয়া হয়। পরদিন সকালে মাধবদী থানার কোতালিরচর দড়িকান্দি এলাকার একটি সরিষা ক্ষেত থেকে গলায় ওড়না পেঁচানো মরদেহ উদ্ধার করা হয়।