ই-সিগারেট নিষিদ্ধ ধারা নিয়ে হাইকোর্টের রুল, জব্দে স্থগিতাদেশ
ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম (ইএনডিএস) বা ই-সিগারেট নিষিদ্ধ এবং শাস্তির বিধান সংবলিত ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫’-এর ৬(গ) ধারা কেন অসাংবিধানিক ও অবৈধ ঘোষণা করা হবে না—এ মর্মে রুল জারি করেছেন বাংলাদেশ হাইকোর্ট।
একই সঙ্গে আমদানিকৃত ভ্যাপ, ভ্যাপিং ডিভাইস, ড্যাপার, ই-লিকুইড ও ই-সিগারেট বাজেয়াপ্ত বা জব্দ না করার নির্দেশ দিয়েছেন আদালত। এ নির্দেশনা আইন সচিব, বাণিজ্য সচিব এবং জাতীয় রাজস্ব বোর্ডের শুল্ক বিভাগকে বাস্তবায়ন করতে বলা হয়েছে।
রোববার (১ মার্চ) এ বিষয়ে দায়ের করা একটি রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ার–এর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।