মার্চেই কালবৈশাখীর আশঙ্কা, তাপমাত্রা উঠতে পারে ৩৯ ডিগ্রিতে
চলতি মার্চ মাসেই দেশে কালবৈশাখী ঝড় আঘাত হানতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে তাপপ্রবাহ নিয়েও খুব বেশি স্বস্তির খবর নেই। সংস্থাটি জানিয়েছে, মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে এবং এ সময় তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে।
রোববার (১ মার্চ) প্রকাশিত মার্চ মাসব্যাপী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
পূর্বাভাস অনুযায়ী, মার্চে দুই থেকে তিন দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। পাশাপাশি এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।
তবে এ মাসে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানিপ্রবাহ বজায় থাকতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।