প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার ও তিন উপ-প্রেসসচিব নিয়োগ
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর স্পিচ রাইটার এবং তিনজন উপ-প্রেসসচিব নিয়োগ দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার হিসেবে নিয়োগ পেয়েছেন বার্তা সংস্থা ইউএনবির সম্পাদক এস এ এম মাহফুজুর রহমান। প্রজ্ঞাপনে বলা হয়েছে, তিনি অন্যান্য পেশা বা প্রতিষ্ঠানের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগের শর্তে চুক্তিভিত্তিকভাবে গ্রেড-১ পদে দায়িত্ব পালন করবেন। তাঁর নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে বহাল থাকবে।
এদিকে সাংবাদিক মোস্তফা জুলফিকার হাসান (হাসান শিপলু), মো. জাহিদুল ইসলাম এবং মো. সুজাউদ্দৌলা-কে প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে। তারা গ্রেড-৪ বেতন স্কেলের সর্বশেষ ধাপে চুক্তিভিত্তিকভাবে দায়িত্ব পালন করবেন।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রীর সন্তুষ্টি সাপেক্ষে (যেটি আগে ঘটে) তাদের নিয়োগ কার্যকর থাকবে।