মধ্যপ্রাচ্যের যুদ্ধে চট্টগ্রাম বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইটে বিশাল বিপর্যয়
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে দুবাই, আবুধাবি, শারজাহ এবং দোহা বিমানবন্দর বন্ধ থাকায় দেশের আন্তর্জাতিক বিমান যোগাযোগে বড় ধরনের সমস্যা দেখা দিয়েছে।
আজ মঙ্গলবার (৩ মার্চ) সকালেও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইন্সের ৭টি ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে।
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ১টি ফ্লাইট বাতিল হয়েছে। এছাড়া ইউএস-বাংলা এয়ারলাইনসের মধ্যপ্রাচ্যগামী ১টি বহির্গমন ও ১টি আগত ফ্লাইট বাতিল করা হয়েছে। এয়ার আরাবিয়া এয়ারলাইনসের মোট ৪টি ফ্লাইট বাতিল হয়েছে (২টি ডিপার্চার ও ২টি এরাইভাল)।
তবে কিছু রুটে বিমান চলাচল অব্যাহত রয়েছে। সকাল ৮:০৫ মিনিটে মাস্কাট থেকে সালাম এয়ারের (OV-401) একটি ফ্লাইট অবতরণ করে এবং পুনরায় যাত্রী নিয়ে সকাল ৯:১৫ মিনিটে মাস্কাটের উদ্দেশ্যে ছেড়ে যায়। এছাড়া মদিনা থেকে আসা বিমান বাংলাদেশের (BG-138) একটি ফ্লাইট সকাল ৮:৪৫ মিনিটে অবতরণ করে এবং ৯:৩০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বলেন, “মধ্যপ্রাচ্যের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। সংশ্লিষ্ট যাত্রীদের অনুরোধ করা হয়েছে নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ রেখে পরবর্তী আপডেট জানতে।”
গত ২৮ ফেব্রুয়ারি থেকে এই যুদ্ধে বাধ্য হয়ে চার দিনে চট্টগ্রাম বিমানবন্দর থেকে মোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।