শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়অভিনন্দন ব্যানার-বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

অভিনন্দন ব্যানার-বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

favicon
ভোরের আলো ডেস্ক:
অভিনন্দন ব্যানার-বিলবোর্ড অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর বিভিন্ন সড়কে টানানো অভিনন্দন ব্যানার ও বিলবোর্ড দ্রুত অপসারণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৩ মার্চ) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ নির্দেশনা দেওয়া হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমন।

তিনি জানান, সকালে গুলশানের বাসা থেকে বের হয়ে হাতিরঝিলের পুলিশ প্লাজার সামনে প্রধানমন্ত্রীর ছবিসংবলিত একটি ব্যানার দেখে তাৎক্ষণিকভাবে সেটি সরিয়ে ফেলার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। পরে তা দ্রুত অপসারণ করা হয়।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন বিলবোর্ডে প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে বিভিন্ন কোম্পানির প্রদর্শিত বিজ্ঞাপনও দ্রুত সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কয়েকদিন আগে বিজয় সরণি এলাকায় একটি এলইডি স্ক্রিনে প্রধানমন্ত্রীর ছবি প্রদর্শিত হলে তখনও তিনি তা অপসারণের নির্দেশ দেন।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী সচিবালয়ে অফিস করেন। সকাল ৯টা ১০ মিনিটে তিনি কার্যালয়ে পৌঁছান। এদিন তার সঙ্গে সাক্ষাৎ করেন কোস্ট গার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক। বৈঠকে উপকূলীয় ও বঙ্গোপসাগর এলাকায় জলদস্যুতা, ডাকাতি, অবৈধ পাচার রোধ এবং মৎস্য সম্পদ সুরক্ষায় টহল জোরদার ও জেলেদের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।

অতিরিক্ত প্রেসসচিব জানান, রাজধানীর যানজট নিরসন ও যানবাহনের গতি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে একটি প্রতিবেদন উপস্থাপন করা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ভিভিআইপি প্রটোকল কমিয়ে ট্রাফিক সিগন্যাল মেনে চলাচলের ফলে সড়কে যানবাহনের গতি ১ কিলোমিটার বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, আগে রাজধানীতে যানবাহনের স্বাভাবিক গতি ছিল ঘণ্টায় ৪ দশমিক ৫ কিলোমিটার, যা প্রায় পায়ে হাঁটার সমান। দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রী ভিভিআইপি প্রটোকল কমিয়ে নিয়ম মেনে চলাচলের মাধ্যমে এই পরিবর্তন এনেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।