জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতিত্বে বাংলাদেশের প্রার্থিতায় যুক্তরাজ্যের সমর্থন চাইলেন পররাষ্ট্রমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থিতার জন্য যুক্তরাজ্যের সমর্থন চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৩ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠকে তিনি এ আহ্বান জানান।
পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। নতুন সরকারের শপথগ্রহণ অনুষ্ঠানে ইন্দো-প্যাসিফিকবিষয়ক মন্ত্রী সীমা মালহোত্রাকে পাঠানোর জন্য পররাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যের প্রশংসা করেন।
বৈঠকে উভয় পক্ষ দুই দেশের ঐতিহাসিক সম্পর্ক, জনগণের মধ্যে দৃঢ় সংযোগ এবং যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সক্রিয় ভূমিকার কথা উল্লেখ করেন। এসব বিষয়কে দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বপূর্ণ সেতুবন্ধন হিসেবে তুলে ধরা হয়।
এ সময় শিক্ষা, অভিবাসন, নিরাপত্তা সহযোগিতা, রোহিঙ্গা প্রত্যাবাসন এবং জনগণের মধ্যে সম্পর্ক জোরদারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র নিয়ে আলোচনা হয়।