শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমরাজনীতিডেপুটি স্পিকার পদে আলোচনায় ৫ নাম:জামায়াতের ৪, এনসিপির ১

ডেপুটি স্পিকার পদে আলোচনায় ৫ নাম:জামায়াতের ৪, এনসিপির ১

favicon
ভোরের আলো ডেস্ক:
ডেপুটি স্পিকার পদে আলোচনায় ৫ নাম:জামায়াতের ৪, এনসিপির ১

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১২ মার্চ শুরু হবে। এ অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে। সরকারি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জানিয়েছে, স্পিকার হবেন সরকারি দল থেকে এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নির্বাচনের প্রস্তাব দেওয়া হয়েছে।

জুলাই জাতীয় সনদ ২০২৫-এর প্রস্তাব অনুযায়ী, গণতন্ত্র সুসংহত করার অংশ হিসেবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নির্বাচনের বিধান রাখা হয়েছে। যদিও প্রচলিত সংবিধান অনুযায়ী সাধারণত স্পিকার ও ডেপুটি স্পিকার উভয়ই সরকারি দল থেকে নির্বাচিত হন।

সোমবার বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবে প্রধান বিরোধী দলকে ডেপুটি স্পিকার মনোনয়নের প্রস্তাব দেওয়া হয়েছে। স্পিকার নির্বাচনের দিনই এ পদে নির্বাচন সম্পন্ন হতে পারে বলে তিনি জানান।


জামায়াত সূত্রে জানা গেছে, ডেপুটি স্পিকার পদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সংসদ সদস্যের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন—পাবনা-১ আসনের নাজিবুর রহমান মোমেন, ঢাকা-১৪ আসনের ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম, কুড়িগ্রাম-৩ আসনের ব্যারিস্টার মাহবুব সালেহী এবং পিরোজপুর-1 আসনের মাসুদ সাঈদী। এদের মধ্যে নাজিবুর রহমান মোমেনের নাম সবচেয়ে এগিয়ে রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকেও ডেপুটি স্পিকার পদ চাওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও সদস্যসচিব আখতার হোসেনর নাম মৌখিকভাবে প্রস্তাব করা হয়েছে।

এ বিষয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. হামিদুর রহমান আযাদ বলেন, বিএনপি এ বিষয়ে প্রস্তাব দিয়েছে, তবে দলীয় ফোরামে এখনো চূড়ান্ত আলোচনা হয়নি।