ফতুল্লায় ইফতার অনুষ্ঠানে অবরুদ্ধ এমপি আব্দুল্লাহ আল আমিন, দুই ঘণ্টা পর উদ্ধার
নারায়ণগঞ্জের ফতুল্লায় এক ইফতার অনুষ্ঠানে বক্তব্যকে কেন্দ্র করে অবরুদ্ধ হন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)র সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার (৩ মার্চ) রাত ৮টা ৫ মিনিটে বিসিকের এক নম্বর গেটে একটি পোশাক কারখানার ভেতর থেকে তাকে উদ্ধার করা হয়।
জানা গেছে, বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজিত ইফতার অনুষ্ঠানে গিয়ে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেমকে ‘ফ্যাসিস্টের দোসর’ বলে মন্তব্য করেন এমপি আব্দুল্লাহ আল আমিন। এর জেরে তিনি কারখানার ভেতরে অবরুদ্ধ হন। এ সময় বাইরে মোহাম্মদ হাতেমের অনুসারী ব্যবসায়ী ও শ্রমিকরা অবস্থান নেন।
পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আইন-শৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের সঙ্গে কথা বলে। রাত ৮টার পর এমপিকে নিরাপদে উদ্ধার করে চাষাঢ়ার দিকে নিয়ে যায় পুলিশ।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত পদক্ষেপ নেয় এবং এমপিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়।