ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘ হলে জ্বালানি সংকটের আশঙ্কা: মন্ত্রী টুকু
মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাত দীর্ঘস্থায়ী হলে বাংলাদেশসহ সারা বিশ্বেই জ্বালানি সংকট দেখা দিতে পারে বলে সতর্ক করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তবে চলতি মার্চ মাসে দেশে বিদ্যুৎ ও জ্বালানির কোনো ঘাটতি হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি।
মঙ্গলবার (৪ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী দেশের বর্তমান পরিস্থিতি ও সরকারের প্রস্তুতি তুলে ধরেন। তিনি বলেন, মানুষের শঙ্কা দূর করতে সরকার নিরলসভাবে কাজ করছে এবং অন্তত চলতি মার্চ মাসে জ্বালানি বা বিদ্যুৎ নিয়ে দুশ্চিন্তার কারণ নেই।
পরবর্তী মাসগুলোতে সরবরাহ স্বাভাবিক থাকবে কি না—এ প্রশ্নের জবাবে তিনি জানান, পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে তার প্রভাব সম্পর্কে মন্ত্রী বলেন, যুদ্ধ দীর্ঘমেয়াদি হলে শুধু বাংলাদেশ নয়, বিশ্বের সব দেশই সংকটে পড়বে। যুদ্ধকালীন কিছু সমস্যা থাকলেও সরকার সম্ভাব্য প্রভাব মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা করবে বলে জানান তিনি।