নারীর অংশগ্রহণ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: প্রধানমন্ত্রী তারেক রহমান
বিশ্বের প্রায় অর্ধেক মানুষ নারী—তাদের রাষ্ট্র, সরকার ও রাজনীতির মূলধারার বাইরে রেখে কোনো দেশের উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি বলেন, এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে নারী ও পুরুষ সমান অধিকার ভোগ করবে। এ উপলক্ষে তিনি বিশ্বের সব নারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী বলেন, একটি রাষ্ট্রের উন্নয়ন তখনই টেকসই হয় যখন নারীর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা এবং সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ নিশ্চিত করা যায়। তিনি মনে করেন, এবারের প্রতিপাদ্য ‘আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার—সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি আরও বলেন, নারীদের রাষ্ট্র ও রাজনীতির মূলধারায় অন্তর্ভুক্ত না করলে উন্নয়ন সম্ভব নয়। বিশেষ করে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত না হলে সমাজ ও রাষ্ট্রের সামগ্রিক উন্নয়নও সম্ভব নয়।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন, বাংলাদেশে নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং ‘মাদার অব ডেমোক্রেসি’ হিসেবে পরিচিত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
তিনি বলেন, জিয়াউর রহমানের শাসনামলে ১৯৭৬ সালে রাষ্ট্রপতির সচিবালয়ে নারী বিষয়ক দপ্তর প্রতিষ্ঠা করা হয় এবং ১৯৭৮ সালে মহিলা বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হয়। পরে বেগম খালেদা জিয়ার সময় ১৯৯৪ সালে তা মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ে রূপান্তরিত হয়।
এ ছাড়া নারীর আর্থ-সামাজিক উন্নয়নে বেগম খালেদা জিয়ার সময় দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করা হয়, যা নারীর ক্ষমতায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, এই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন জোরদার করতে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করেছে।