শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতি আরও চাপে পড়বে: ড. ফাহমিদা খাতুন

যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতি আরও চাপে পড়বে: ড. ফাহমিদা খাতুন

favicon
ভোরের আলো ডেস্ক:
যুদ্ধ দীর্ঘ হলে অর্থনীতি আরও চাপে পড়বে: ড. ফাহমিদা খাতুন

সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন বলেছেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি নিয়ে যাত্রা শুরু করেছে। এর মধ্যে মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে দেশের অর্থনীতি আরও চাপের মুখে পড়তে পারে। এতে তেলের দাম বাড়বে, মানুষের কর্মসংস্থান কমবে এবং স্বাভাবিক সরবরাহব্যবস্থা বিঘ্নিত হতে পারে।

গতকাল শনিবার রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত এক ছায়া সংসদ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।

ফাহমিদা খাতুন বলেন, অধিকাংশ ব্যবসায়ী দেশের উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করতে চান। তবে রাজনৈতিক পালাবদলের সময় আমাদের সংস্কৃতিতে আগের সময়ের ব্যক্তিদের বিরুদ্ধে প্রতিহিংসার বহিঃপ্রকাশ দেখা যায়। এর ফলে অনেক ক্ষেত্রে সবার প্রতি সমানভাবে সুবিচার করা হয় না। তাই ঢালাওভাবে ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযোগ তোলা ঠিক নয়।

তিনি আরও বলেন, অর্থনীতিকে সচল ও শক্তিশালী রাখতে ব্যবসায়ীদের জন্য অনুকূল পরিবেশ তৈরি করা প্রয়োজন।

অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যাপক মামলা, দেশে ফিরে ব্যবসা পরিচালনায় বাধা এবং ব্যাংক হিসাব জব্দের মতো নানা কারণে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের পরিবেশ প্রতিকূল হয়ে উঠছে। এ পরিস্থিতিতে কর্মসংস্থান সৃষ্টি ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ীদের আস্থা ফিরিয়ে আনা জরুরি।

তিনি বলেন, তা না হলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির মধ্যে দেশের ভঙ্গুর অর্থনীতিকে পুনর্গঠন করা সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে।

‘অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের মাধ্যমেই নতুন সরকার জনপ্রত্যাশা পূরণে এগিয়ে যাবে’ শীর্ষক এই ছায়া সংসদ প্রতিযোগিতায় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিতার্কিকদের পরাজিত করে প্রাইমএশিয়া ইউনিভার্সিটির বিতার্কিকরা বিজয়ী হন।