যুদ্ধ চলাকালীন তেলের রেশনিং চালু থাকবে: ইকবাল হাসান মাহমুদ টুকু
বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, দেশে তেলের মজুদ বৃদ্ধি পাচ্ছে, তবে চলমান যুদ্ধ শেষ না হওয়া পর্যন্ত রেশনিং চালু রাখা হবে।
রোববার জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে উত্তরাঞ্চল ছাত্র ফোরামের আয়োজিত অনুষ্ঠানে তিনি জানান, আজ সকালে একটি জাহাজ নোঙর করেছে এবং দুপুর ২টায় আরও একটি জাহাজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। এই দুইটি জাহাজ তেল সরবরাহের পর মজুদ আরও বৃদ্ধি পাবে। তবে এটি কোনোভাবে তেলের অনিয়ন্ত্রিত ব্যবহারের ইঙ্গিত নয়।
মন্ত্রী বলেন, “যুদ্ধ কতদিন চলবে আমরা জানি না। তাই মজুদ সাশ্রয় করে ব্যবহার করা জরুরি। একবারে সব খেয়ে ফেলার চেয়ে রেশনিং করা দীর্ঘমেয়াদে আমাদের জন্য কার্যকর।”
তিনি আরও বলেন, “বিরোধীরা ভীতি ছড়াচ্ছে যে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম বাড়তে পারে। আমি নিশ্চিত করেছি, আপাতত কোনো দাম বৃদ্ধি নেই। তেলের অভাব নেই, কিন্তু রেশনিং অব্যাহত রাখতে হবে।”