উত্তর যাত্রাবাড়ীতে ২০ কুকুর হত্যা: তিন আসামিকে ২ বছরের কারাদণ্ড
রাজধানীর উত্তর যাত্রাবাড়ী ধলপুরে ২০টি কুকুর হত্যার অভিযোগে তিনজনকে আবুল খায়ের, অপু ও মানিক আড়াই বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসাইন এ রায় ঘোষণা করেন।
আসামিদের মধ্যে মো. মানিক উপস্থিত ছিলেন এবং তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। অপর দুই আসামি পলাতক থাকায় তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
আদালতের রায়ে বলা হয়েছে, প্রাণী কল্যাণ আইন, ২০১৯-এর ১৬(ক) ধারায় ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড এবং ১৬(খ) ধারায় দুই বছর বিনাশ্রম কারাদণ্ডসহ এক হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিন কারাদণ্ড দেওয়া হয়েছে। উভয় সাজা একত্রে চলবে।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ২৩ জানুয়ারি লোহার রড, সাঁড়াশি ও প্রাণঘাতী ইনজেকশন ব্যবহার করে ২০টি কুকুর হত্যা করা হয়। ভিডিও ফুটেজের মাধ্যমে আসামিদের শনাক্ত করে আদালতে অভিযোগ দায়ের করা হয়।