ভারতের নুমালিগড় থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার টন ডিজেল
বাংলাদেশ পেট্রলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, ভারতের নুমালিগড় রিফাইনারি থেকে বাংলাদেশে ৫ হাজার টন ডিজেল আসছে। আজ মঙ্গলবার (১০ মার্চ) পাইপলাইনের মাধ্যমে এই জ্বালানি তেল দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।
বিপিসির বাণিজ্য ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ হোসাইন আজাদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বিপিসি সূত্রে জানা গেছে, ভারত থেকে ডিজেল পাঠানোর পাম্পিং কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। জ্বালানি তেলের মজুদ স্বাভাবিক রাখা এবং দেশজুড়ে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে সরকার জরুরিভিত্তিতে এই উদ্যোগ নিয়েছে। পাইপলাইনের মাধ্যমে আমদানি হওয়ায় পরিবহন খরচ ও সময়ও কমবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা মনে করছেন।
এর আগে এই পাইপলাইনের মাধ্যমে আগামী চার মাসে অতিরিক্ত ৫০ হাজার টন ডিজেল আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। রবিবার আমীর খসরু মাহমুদ চৌধুরী ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা-র কাছে আনুষ্ঠানিকভাবে এ অনুরোধ জানান।
এ ছাড়া চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত নুমালিগড় রিফাইনারি থেকে ১ লাখ ৮০ হাজার টন ডিজেল আমদানির একটি চুক্তিও রয়েছে। তবে ঢাকা–দিল্লি সম্পর্কের টানাপড়েনের কারণে কিছু সময় এ সরবরাহ বন্ধ ছিল। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় ১ হাজার ৪৬২ কোটি টাকা, যার একটি অংশ বিপিসি এবং বাকি অর্থ ব্যাংকঋণের মাধ্যমে জোগান দেওয়ার কথা রয়েছে।