আগামী মাসেই কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, আগামী মাসের মধ্যেই কৃষকদের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়া হবে। তিনি জানান, সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলোর মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ এবং এর কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
মঙ্গলবার সকালে রাজধানীর বনানী টিঅ্যান্ডটি খেলার মাঠে কড়াইল বস্তিসংলগ্ন এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন মহিলা ও শিশু এবং সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন।
প্রধানমন্ত্রী বলেন, সরকার যেসব প্রতিশ্রুতি জনগণকে দিয়েছে, তার মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় উদ্যোগগুলো বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, যেভাবে এ অনুষ্ঠানের মাধ্যমে ৩৭ হাজার নারীর হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হয়েছে, একইভাবে আগামী মাসের মধ্যেই কৃষকদের কাছেও কৃষক কার্ড পৌঁছে দেওয়া সম্ভব হবে।
তিনি আরও বলেন, বিএনপি সরকার গঠন করতে পারলে কৃষকদের কৃষিঋণ মওকুফ করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। সেই প্রতিশ্রুতি অনুযায়ী গত সপ্তাহে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করে দেওয়া হয়েছে।
তারেক রহমান বলেন, জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতিগুলো ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে দেশের উন্নয়ন এবং মানুষের জীবনমানের পরিবর্তন ঘটানোই সরকারের লক্ষ্য।