ইরান–যুক্তরাষ্ট্র–ইসরায়েল সংঘাতের প্রভাবে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা বেড়ে ৩৯১
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফ্লাইট বাতিলের সংখ্যা ক্রমেই বাড়ছে। বুধবার (১১ মার্চ) দুপুর পর্যন্ত আরো ২৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত মোট ১২ দিনে বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ৩৯১।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ বিভাগের কর্মকর্তা কাওছার মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ রেখেছে। এর ফলে বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হচ্ছে।
আজ দুপুর পর্যন্ত বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত ও গালফ এয়ারলাইন্সের দুটি করে, এয়ার অ্যারাবিয়া, কাতার এয়ারওয়েজ, এমিরেটস, জাজিরা এয়ার ও ফ্লাই দুবাই এয়ারলাইন্সের চারটি করে ফ্লাইট।