শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমআইন ও আদালতদুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

favicon
ভোরের আলো ডেস্ক:
দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট। বুধবার (১১ মার্চ) বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।


জামিনের পর তার মুক্তি পেতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবী মোনায়েম নবী শাহীন। এর আগে গত রবিবার জুলাই আন্দোলনের সময় যুবদলকর্মী হত্যা এবং তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির চার মামলায়ও তাকে জামিন দেন হাইকোর্ট।


আদালতে আবেদনের পক্ষে শুনানিতে অংশ নেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন।


গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমণ্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

খায়রুল হকের বিরুদ্ধে এ মামলার পাশাপাশি আরও চারটি মামলা রয়েছে। তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে গত ২৭ আগস্ট শাহবাগ থানায় সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন মামলা করেন। একই অভিযোগে ২৫ আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া। এছাড়া নারায়ণগঞ্জের বন্দর থানায় একই অভিযোগে আরেকটি মামলা করেন নুরুল ইসলাম মোল্লা।

এর আগে ৪ আগস্ট প্লট জালিয়াতিতে দুর্নীতির অভিযোগে দুদক আরেকটি মামলা করে। এসব মামলায় নিম্ন আদালতে জামিন নামঞ্জুর হওয়ার পর তিনি হাইকোর্টে জামিন আবেদন করেন। পরে হাইকোর্ট পাঁচ মামলায় জামিন প্রশ্নে রুল জারি করে। গত বুধবার দুদকের মামলাটি ছাড়া বাকি চার মামলার শুনানি শেষ হয়।

২০১০ সালের ২৭ সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক এবং একই বছরের ৩০ সেপ্টেম্বর থেকে তার নিয়োগ কার্যকর হয়।