প্রযুক্তিনির্ভর ট্রাফিক ব্যবস্থাপনা গড়ে তুলতে হবে: আইজিপি
মহাপুলিশ পরিদর্শক মো. আলী হোসেন ফকির বলেছেন, ভবিষ্যতের ট্রাফিক ব্যবস্থাপনা হতে হবে প্রযুক্তিনির্ভর। স্মার্ট ট্রাফিক ব্যবস্থাপনা ছাড়া আধুনিক নগর ব্যবস্থাপনা সম্ভব নয়।
বুধবার (১১ মার্চ) সকালে পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশে আয়োজিত ‘ঢাকায় নগর ট্রাফিক ব্যবস্থাপনা : চ্যালেঞ্জ, উদ্ভাবন ও অগ্রগতির দিকনির্দেশনা’ শীর্ষক দিনব্যাপী কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, বাংলাদেশ দ্রুত নগরায়নের মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে। যানবাহনের সংখ্যা বৃদ্ধি, নগর অর্থনীতির সম্প্রসারণ এবং মানুষের চলাচল বেড়ে যাওয়ায় সড়ক ব্যবস্থাপনা এখন বড় চ্যালেঞ্জে পরিণত হয়েছে। এই চ্যালেঞ্জ মোকাবেলায় সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, ঢাকা মহানগরের যানজট নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যে বিশেষ নির্দেশনা দিয়েছেন।
পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, নাগরিকদের কাছে পুলিশের প্রথম পরিচয় অনেক সময় ট্রাফিক পুলিশের মাধ্যমে হয়। একজন ট্রাফিক সার্জেন্ট শুধু যানবাহন নিয়ন্ত্রণ করেন না, তিনি রাষ্ট্রের আইন ও শৃঙ্খলার প্রতিনিধিত্ব করেন। তার আচরণ, পেশাদারিত্ব ও নৈতিকতা পুলিশের প্রতি জনগণের আস্থাকে প্রভাবিত করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশের রেক্টর কাজী মো. ফজলুল করিম। স্বাগত বক্তব্য দেন কলেজের ভাইস-রেক্টর এস এম আক্তারুজ্জামান।
কর্মশালায় ঢাকা মহানগরের ট্রাফিক ব্যবস্থাপনার বর্তমান অবস্থা, যানজটের কারণ, আইন প্রয়োগের বাস্তবতা এবং প্রযুক্তিনির্ভর সমাধানের বিভিন্ন দিক তুলে ধরা হয়। এতে গণপরিবহন ব্যবস্থার উন্নয়ন, বাস রুট ব্যবস্থাপনা, রিকশা ও অন্যান্য অযান্ত্রিক পরিবহনের সমন্বয়, অবৈধ পার্কিং ও ফুটপাত ব্যবস্থাপনার সমস্যা, পথচারী নিরাপত্তা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।