স্পিকার ছাড়াই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন
সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হচ্ছে। তবে এবারের অধিবেশনে চিরাচরিত দৃশ্য দেখা যাবে না। সংসদ সদস্যদের আসন পূর্ণ থাকলেও স্পিকারের আসনটি শুরুতে খালি থাকবে।
চব্বিশের গণ-অভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সংসদে স্পিকার না থাকায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ কারণে অধিবেশন শুরুর পর সংসদ সদস্যদের উদ্দেশে বক্তব্য দেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
তিনি স্পিকার নির্বাচন সেশন পরিচালনার জন্য একজন জ্যেষ্ঠ সংসদ সদস্যের নাম প্রস্তাব করবেন। সংসদ সদস্যরা সেই প্রস্তাব সমর্থন করলে জ্যেষ্ঠ ওই সদস্য স্পিকারের আসনে বসে সেশন পরিচালনা করবেন। এ দায়িত্বের জন্য বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের নাম আলোচনায় রয়েছে।
সূত্র জানায়, সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার ও উপনেতা কে হবেন, সে সিদ্ধান্ত দেবেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী। স্পিকার নির্বাচনের পর অধিবেশন ২০ মিনিটের জন্য মুলতবি করা হবে। এ সময় নবনির্বাচিত স্পিকার রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে শপথ নেবেন।
শপথ শেষে স্পিকার অধিবেশনকক্ষে ফিরে এসে পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন এবং পাঁচ সদস্যের সভাপতিমণ্ডলীর নাম প্রস্তাব করবেন। এরপর শোক প্রস্তাব উত্থাপন করা হবে।
শোক প্রস্তাবে সাবেক প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া এবং চব্বিশের গণ-অভ্যুত্থানে শহীদ ‘জুলাই যোদ্ধাদের’ স্মরণ করা হবে। তাঁদের ত্যাগ ও অবদান নিয়ে সংসদে আলোচনা শেষে শোক প্রস্তাব গ্রহণ করা হবে।