আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বজ্রসহ বৃষ্টি, কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনা
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে। এ সময়ের মধ্যে তাপমাত্রা সামান্য কমতে পারে।
শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গা এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া পূর্বাভাসে বলা হয়েছে, দিন ও রাতে সারা দেশে তাপমাত্রা সামান্য কমতে পারে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড হয়েছে সিলেটে ৮৩ মিলিমিটার এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৬.৪ ডিগ্রি সেলসিয়াস।