শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়হাদি হত্যা মামলায় আরেক সন্দেহভাজন ভারতে গ্রেপ্তার, দাবি পশ্চিমবঙ্গ এসটিএফের

হাদি হত্যা মামলায় আরেক সন্দেহভাজন ভারতে গ্রেপ্তার, দাবি পশ্চিমবঙ্গ এসটিএফের

favicon
ভোরের আলো ডেস্ক:
হাদি হত্যা মামলায় আরেক সন্দেহভাজন ভারতে গ্রেপ্তার, দাবি পশ্চিমবঙ্গ এসটিএফের

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামে এক সন্দেহভাজনকে গ্রেপ্তারের দাবি করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স (এসটিএফ)। বাহিনীটির দাবি, এই ঘটনায় তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে।

এসটিএফ জানিয়েছে, শুক্রবার ও শনিবারের মধ্যবর্তী সময়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বর্তমানে তাকে এসটিএফের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তদন্তকারীদের মতে, ফিলিপ সাংমা একজন বাংলাদেশি নাগরিক এবং তিনি হাদি হত্যা মামলার মূল দুই অভিযুক্তকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে সহায়তা করেছিলেন। প্রাথমিক তথ্যানুযায়ী, পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরদিন ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটরসাইকেল থেকে দুর্বৃত্তরা রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে। তিনি ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনের প্রচারণা চালাচ্ছিলেন।

গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে পরিবারের সিদ্ধান্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৮ ডিসেম্বর তিনি মারা যান।