স্বরাষ্ট্রমন্ত্রী: জাতীয় সংসদে অংশগ্রহণ চলমান, কোনো নতুন পরিষদ নেই
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, মহামান্য রাষ্ট্রপতি জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেছেন, কিন্তু সংস্কার পরিষদের কোনো অধিবেশন আহ্বান করা হয়নি। বর্তমানে সাংবিধানিকভাবে তারা জাতীয় সংসদের অধিবেশনে অংশগ্রহণ করছেন।
রবিবার (১৫ মার্চ) সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনে অংশ নেওয়ার আগে তিনি গণমাধ্যমকে এসব কথা জানান।
তিনি আরও বলেন, ‘জুলাইয়ে জাতীয় সংসদের আওতায় যে পরিষদের কথা বলা হচ্ছে, তার সাংবিধানিক বৈধতা নিয়ে ইতিমধ্যে আদালতে চ্যালেঞ্জ হয়েছে এবং এ বিষয়ে রুল জারি রয়েছে। বিষয়টি এখন বিচার বিভাগের বিবেচনায় রয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘সংবিধান অনুযায়ী বর্তমানে কোনো পরিষদের অস্তিত্ব নেই। যদি গণভোটের রায়ের ভিত্তিতে এ ধরনের পরিষদ গঠন করতে হয়, তাহলে আগে সংবিধানে সংশোধনী আনা প্রয়োজন। সংসদে আলোচনা শেষে সংবিধান সংশোধন হলে তবেই তা সংবিধানে অন্তর্ভুক্ত হবে এবং পরে প্রয়োজন হলে পরিষদ গঠন ও শপথ গ্রহণের বিষয়টি আসতে পারে।’
স্পিকারের দল থেকে পদত্যাগ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘স্পিকার এবং ডেপুটি স্পিকার দল থেকে পদত্যাগ করেননি। তারা কেবল দলের পদ থেকে পদত্যাগ করেছেন, কারণ ওই পদে আর দায়িত্ব পালন করতে চান না।’