কৃষক বাঁচলে দেশ বাঁচবে, সারা দেশে খাল খনন কর্মসূচি চলবে: প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল এবং বেগম খালেদা জিয়ার দল। এই দল এমন কাজ করতে চায় যাতে মানুষের উপকার হয়। সেই লক্ষ্যেই সারা দেশে খাল খনন কর্মসূচি চালু করা হয়েছে এবং পর্যায়ক্রমে পুরো বাংলাদেশে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরে সাহাপাড়া খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সরকারপ্রধান বলেন, নির্বাচনের আগে জনগণকে অনেক প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। দেশের বেশির ভাগ মানুষ গ্রামে বাস করেন এবং অনেকেই কৃষির সঙ্গে জড়িত। তিনি বলেন, “আমরা বিশ্বাস করি কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এজন্য মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের ব্যবস্থা করা হয়েছে।”
অনুষ্ঠানে বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানিসম্পদমন্ত্রী মো. শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু এবং পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এর আগে বেলা সাড়ে ১২টার দিকে দিনাজপুরের কাহারোল উপজেলা থেকে একযোগে দেশের ৫৩টি খালে খনন কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি কোদাল দিয়ে মাটি কেটে খাল খননের কাজের সূচনা করেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করেন।
সকালে রাজধানী থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে সড়কপথে দিনাজপুরের কাহারোলে যান তিনি।