শুক্রবার , ২৬ জুন ২০২৬
শুক্রবার , ২৬ জুন ২০২৬
হোমজাতীয়মুক্তিযুদ্ধের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির প্রস্তাব যুক্তরাষ্ট্র কংগ্রেসে

মুক্তিযুদ্ধের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির প্রস্তাব যুক্তরাষ্ট্র কংগ্রেসে

favicon
ভোরের আলো ডেস্ক:
মুক্তিযুদ্ধের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির প্রস্তাব যুক্তরাষ্ট্র কংগ্রেসে

বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর চালানো হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে ‘গণহত্যা’ হিসেবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

মার্কিন প্রতিনিধি পরিষদে গত শুক্রবার প্রস্তাবটি উত্থাপন করেন ডেমোক্র্যাটিক কংগ্রেসম্যান গ্রেগ ল্যান্ডসম্যান। প্রস্তাবে তিনি একাত্তরের মানবতাবিরোধী অপরাধে সহযোগিতার অভিযোগে জামায়াতে ইসলামীকে বিচারের আওতায় আনার দাবি জানান।

এছাড়া প্রস্তাবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে।

প্রস্তাবনায় উল্লেখ করা হয়, ১৯৭১ সালের ২৫ মার্চ শুরু হওয়া অপারেশন সার্চলাইট চলাকালে পাকিস্তানি সেনাবাহিনী ও তাদের সহযোগীরা ব্যাপক হত্যাযজ্ঞ চালায়। এতে সব ধর্মের বাঙালিরা ক্ষতিগ্রস্ত হলেও বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের ওপর পরিকল্পিত নিধনযজ্ঞ চালানো হয়।

প্রস্তাব উপস্থাপনের সময় গ্রেগ ল্যান্ডসম্যান বলেন, ১৯৭১ সালের এই অভিযান জাতিসংঘের সংজ্ঞা অনুযায়ী গণহত্যার মধ্যে পড়ে এবং এই স্বীকৃতি অনেক আগেই দেওয়া উচিত ছিল।

এদিকে, গত ৯ ফেব্রুয়ারি ক্যাপিটল হিলে অনুষ্ঠিত এক শুনানিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং ১৯৭১ সালের ঘটনাবলি নিয়ে আলোচনা হয়। ‘হিন্দু অ্যাকশন’ নামে একটি সংগঠনের উদ্যোগে ওই শুনানির আয়োজন করা হয়।

নিউইয়র্কে ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার দিলিপ নাথ জানান, ওই আলোচনার পরই প্রস্তাবটি আনা হয়েছে। তিনি দাবি করেন, রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী আবার সক্রিয় হয়েছে এবং প্রস্তাবটি পাস হলে ১৯৭১ সালের অপরাধের দায়ে যুক্তরাষ্ট্র তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে।